ফোক-সম্রাগী মমতাজ এখনো অনতিক্রম্য

30 May 2024, 01:34 PM সারেগারে শেয়ার:
ফোক-সম্রাগী মমতাজ  এখনো অনতিক্রম্য



ফোক-সম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পী মমতাজকে নিয়ে প্রথমবার ২০০১ খ্রিষ্টাব্দে আনন্দভুবন-এর ৬ষ্ঠ জন্মদিন সংখ্যায় প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করা হয়। শিরোনাম ছিল ‘মমতাজ মহল’। মমতাজের খ্যাতি তখন মধ্য গগণে। এরপর [১১ বর্ষ ১ সংখ্যা], ১৬ মে ২০০৬ খ্রিষ্টাব্দে তাকে নিয়ে পুনরায় প্রচ্ছদ করা হয়। এর শিরোনাম ছিল ‘মমতাজ মহল’ এতে তার সম্পর্কে লেখা হয় ; মমতাজের জন্ম গানের পরিপূর্ণ আবহের মধ্যে। ছেলেবেলা থেকে গান করলেও মমতাজ অডিও জগতের সাথে যুক্ত হন বছর ১৫ আগে। তার প্রথম অ্যালবাম বেরিয়েছিল জনি ইলেকট্রনিক্স থেকে। এরপর একে একে বেরিয়েছে প্রায় হাজার খানেক অ্যালবাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার সর্বশেষ অ্যালবাম ‘কাঁটা’ প্রকাশ হয়েছে সিএমভি থেকে।

মানিকগঞ্জের মধু বয়াতি। গানই পেশা গানই নেশা। গানই জীবন গানই মরণ, গানেই সুখ গানেই কষ্ট। মধু বয়াতীরই মেয়ে মমতাজ। আজকের মমতাজ, দেশজোড়া যার জনপ্রিয়তা, ঈর্ষণীয় তার খ্যাতি। মধু বয়াতীর আদরের ধন ছোট্টো মেয়ে মমতাজ পাড়াময় ঘুরে বেড়ায়, ঘাসফড়িং, প্রজাপতি, দোয়েল, শ্যামা পাখির সাথে কথা বলে যেন সুরে সুরে। সবুজ-সোনালি ধান ক্ষেতের হিল্লোলের সাথেও কথা কয় কানে কানে সুরে সুরে। বয়াতীর মনেও অন্তহীন ভালোবাসা ছোট্টো মেয়েটির জন্য। নিজে যেখানে গান করতে যান সাথে নিয়ে যান মমতাজকে। ধীরে ধীরে গড়ে ওঠেন মমতাজ, শিল্পী মমতাজ।

প্রথম দিকে মমতাজ যখন অডিও অ্যালবামে গান করতে শুরু করেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই সম্মানী পেতেন না। তখন বেশির ভাগ ক্ষেত্রে তার গানের গীতিকার ছিলেন হাসান মিয়া, হাসান মতিউর রহমান প্রমুখ। এখন তার জন্য গান লিখছেন দেশের খ্যাতিমান গীতিকারেরাও। এই তালিকায় আছেন ইথুন বাবু, আহমেদ রিজভী, মিল্টন খন্দকার, আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রমুখ। গত পনের বছরে মমতাজ পরিণত হয়েছেন বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রির এক অনন্য সম্পদে। বাজারে আসা তার অ্যালবামের সংখ্যা প্রায় এক হাজার। এ এক বিস্ময়কর ব্যাপার। বিশ্বের আর কোনো শিল্পীর এত অ্যালবাম প্রকাশ হয়নি। সেদিক থেকে এটা মমতাজের বিশ্ব রেকর্ড। প্লেব্যাক সিঙ্গারের ক্ষেত্রেও পিছিয়ে নেই মমতাজ। সেখানেও গড়ে উঠেছে তার শক্ত ক্যারিয়ার। ’৯৯ খ্রিষ্টাব্দে ‘দৌড়’ ছবি দিয়ে শুরু। এরপর প্রায় অর্ধশতাধিক সিনেমায় গান গেয়েছেন। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘খায়রুন সুন্দরী’ ছবির ‘খায়রুন লো তোর লম্বা মাথার চুল’ গানটি এখনো ফিরছে মানুষের মুখে মুখে।

লেখা : রুবিনা শাহনাজ

চলতি সময়ে

মমতাজ জাতীয় সংসদের দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চার দশকের কর্মজীবনে বহু গান রেকর্ড করেছেন। নারী কণ্ঠশিল্পী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মমতাজ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে বেশকয়েকটি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকটি শো ইতোমধ্যে শেষ করেছেন। বাকি শোগুলো শেষ করে ১৯ মে ঢাকায় ফিরবেন। চলতি বছর আগস্টের শেষ দিকে আবার আমেরিকা যাওয়ার পরিকল্পনা আছে- সেখানে ফোবানা সম্মেলনে যোগদান করার কথা রয়েছে তার। এছাড়া গত বছর ডিসেম্বরে ভ্যাটদিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি গান প্রকাশিত হয়েছে মমতাজের কণ্ঠে। ফোয়াদ নাছের বাবুর সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন তুষার মিজান। এবারের ঈদে নতুন একটি গান প্রকাশিত হয়েছে তার। গানের শিরোনাম ‘তেজপাতা’। ১০ এপ্রিল ২০২৪ টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন কৌশিক হোসেন তাপস। রাজধানীর একটি ব্যস্ত কাঁচাবাজারে এর মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে। গানের প্রথম লাইন, ‘বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না’।

মমতাজ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৫ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম উজালা বেগম। বাবা বাউল শিল্পী মধু বয়াতি। মমতাজ শুরুতে বাবা মধু বয়াতি, এরপর মাতাল রাজ্জাক দেওয়ান এবং লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। 

লেখা : শহিদুল ইসলাম এমেল