২৩ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ডিসি কমিকসের অন্যতম পরিচিত ভিলেনকে কেন্দ্র করে নির্মিত সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পায় ছবিটি। জেমস ওয়াটকিন্স পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ। ব্যাটম্যানের জগতে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। সে নিজের চেহারা বদলে অন্য মানুষের রূপ ধারণ করতে পারে। ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয়ের সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। গোথাম শহরের একজন উচ্চাকাঙ্খী অভিনেতা তিনি। ধীরে ধীরে হলিউডের জনপ্রিয় তারকায় পরিণত হন। কিন্তু একজন স্থানীয় অপরাধী চক্রের প্রধানের কর্মকান্ডে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এর ফলে তার অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ সবকিছুই বিপর্যয়ের মুখে পড়ে। যখন তার আশপাশের মানুষ ও সহযোগীরা তাকে ছেড়ে চলে যায়, তখন ম্যাট নিজের আগের চেহারা ফিরে পাওয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন। চিকিৎসাটি তাকে আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তার শরীর ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে তিনি এমন এক সত্তায় পরিণত হন, যে নিজের পরিচয়, মানবিকতা এবং বাস্তবতার সঙ্গে সম্পর্ক হারাতে থাকে। শেষ পর্যন্ত তার জীবনে প্রতিশোধের আকাঙ্খা ভয়ংকর রূপ নেয়। সিনেমাটির ট্রেলার এবং লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর থেকে এটি সিনেমাপ্রেমী ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।