ভারতের ধনকুবের মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানির বিবাহউৎসব চলছে সপ্তাহজুড়ে। দেশ-বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিরা জড়ো হয়েছেন মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে। ১২ জুলাই ২০২৪ রাধিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনন্ত।বিয়েতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শোবিজ অঙ্গনের তারকা-সহ বিশ্ব-তারকারাও। বিয়েতে আমন্ত্রিত তারকা অতিথিদের দামি ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত আম্বানি।প্রতিটি ঘড়ির মূল্য ২ কোটি রুপিরও বেশি। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন কাপুর, শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, মিজান জাফরি-সহ মোট ২৫ জন অতিথি।
এ উপহার পাওয়ার পর একসঙ্গে ছবিও তোলেন তারা। সেসব ছবি ও ভিডিও এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। অনন্ত আম্বানির উপহার দেওয়া ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড অডেমার্স পিগুয়েট। ঘড়িটির মার্কেট প্রাইস ২ লাখ ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯২ লাখ টাকারও বেশি।ঘড়িটি তৈরিতে ১৮ ক্যারেটের রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে। ২০ মিটার পানির নিচেও ঘড়িটির ভেতরে পানি ঢুকতে পারবে না। এছাড়াও এ ঘড়িতে রয়েছে পারমানেন্ট ক্যালেন্ডার। যা সপ্তাহ, দিন, তারিখ, রাত, মাস, লিপ ইয়ার,ঘণ্টা এবং মিনিট বলে দেয়।