তাকে সবাই চেনে সিক্স গ্যাক শেফ হিসেবে। টিকটকে বেশ জনপ্রিয়ও বটে তিনি। তবে বেশ প্রতিভাবান তিনি, কারণ তার ঝুলিতে আছে ১১টি গিনেস রেকর্ড। বলছিলাম কানাডার শেফ ওয়ালেস ওং-এর কথা।
এবার ওয়ালেস ওং গড়লেন নতুন রেকর্ড। চোখ বেঁধে নিখুঁতভাবে কাটলেন টমেটো। চোখে কালো কাপড় বেঁধেই নয়টি টমেটো এক মিনিটে কেটে ফেললেন তিনি। তার এই দক্ষতায় যেমন প্রসংশা কুড়িয়েছেন তিনি, অন্যদিকে গিনেস বুক অব রেকর্ডসে তার নাম উঠেছে চোখ বেঁধে সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে দ্রুত সময়ে টমেটো কাটার জন্য। তবে নতুন রেকর্ডে শুধু টমেটো নয়, আরো আছে সেলারি, বেল মরিচ, রসুন, ফল এবং সবজি দ্রুত টুকরো করার রেকর্ড। এর মধ্যে ৪টি রেকর্ড তিনি করেছেন চোখ বেঁধে। চোখ খুলে রাখার চেয়ে চোখে কাপড় বেঁধে আরো দ্রুত সবজি কাটতে পেরেছেন তিনি।
ওয়ালেস কানাডার একটি রেস্তোরাঁয় শেফের কাজ করেন। তবে এবারই প্রথম রেকর্ড নয়। এর আগেও গত বছরই শশা কেটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন কানাডার এই শেফ ওয়ালেস ওং। তিনি ৩০ সেকেন্ডে চোখ বন্ধ করে ১৬৬টি শশা কেটেছিলেন। এর জন্য ২০২৩ খ্রিষ্টাব্দের ৬ ফেব্রুয়ারি ওয়ালেস ওং ওয়ার্ল্ড রেকর্ড টাইটেল জিতে নেন। এছাড়াও গাজর কাটার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। ৩০ সেকেন্ডে রসুন, মরিচ, সেলেরি সবচেয়ে বেশি টুকরো করার রেকর্ডও আছে তার।
লেখা : ফাতেমা ইয়াসমিন