প্রকাশ-এর আবৃত্তি প্রযোজনা 'অনুভবে হৈমন্তিক আলো' মঞ্চায়িত

22 Dec 2024, 02:05 PM আবৃত্তি শেয়ার:
প্রকাশ-এর আবৃত্তি প্রযোজনা 'অনুভবে হৈমন্তিক আলো' মঞ্চায়িত


দেশের প্রথম সারির আবৃত্তিদল 'প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন' তাদের প্রতিষ্ঠার ৩৪শ' বর্ষে ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মঞ্চায়ন করে হেমন্তের কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা 'অনুভবে হৈমন্তিক আলো'। 

আবৃত্তিশিল্পী ফয়জুল আলম পাপ্পুর গ্রন্থনা ও নির্দেশনায় মঞ্চে প্রকাশ-এর আবৃত্তিশিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৈবেদ্য', 'পসারিণী', 'ছিন্নপত্র', কাজী নজরুল ইসলামের 'সুরের দুলাল', জীবনানন্দ দাশের 'ধানকাটা হয়ে গেছে', 'একটি নক্ষত্র আসে', 'আমি এই অঘ্রাণেরে ভালোবাসি', 'হেমন্ত কুয়াশায়', সুকান্ত ভট্টাচার্যের 'এই নবান্নে', সুফিয়া কামালের  'হেমন্ত', যতীন্দ্রনাথ সেনগুপ্তের 'নবান্ন', জসীম উদ্দীনের 'ধান খেত', দিলারা হাফিজের 'হেমন্ত আমার ঋতু', বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের 'আমি তোমার চুলে মুখ গুঁজে', নাসরীন জাহানের 'হেমন্ত', হাসান হাফিজের 'জীবন-মদিরা কিছু কষ্টসুখ', তপন বাগচীর 'হেমন্ত বন্দনা', মতিন রায়হানের 'কথাপুষ্পে হেমন্ত সাজাই', শাহনাজ মুন্নীর 'পথভোলা হেমন্ত', ওবায়েদ আকাশের 'হেমন্ত', সাহেদ মন্তাজের 'হেমন্তের দান', যাকিয়া সুমি সেতুর 'আমার হেমন্ত', ভাগ্যধন বড়ুয়ার 'হেমন্তের সন্ধ্যা' এবং মাহমুদ নজিরের 'এই হেমন্তে' কবিতার আবৃত্তি পরিবেশন করেন। 

আবৃত্তিতে অংশগ্রহণ করেন দোলন রানী, নাজমুন নাহার শিরিন, শওকত হোসেন, ইসমত পলি, তুহিন আহমদ, সুফিয়া মেহেদী সঙ্গীতা, মাহাবুব রিমন, উম্মে ছোলাইম যুথী এবং ফয়জুল আলম পাপ্পু। 

আবহসংগীতে ছিলেন শিল্পী ডালিম কুমার বড়ুয়া। প্রয়াত কবি, লেখক, অভিনেতা, সম্পাদক এ. এফ আকরাম হোসেনের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত দর্শকনন্দিত এই অনুষ্ঠান উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।