২২ ফেব্রুয়ারি, ২৫ সন্ধ্যায় সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধির লক্ষ্যে আবৃত্তি সংগঠন কাব্যকুহুক এর পরিবেশনায় 'একটি বাংলাদেশ' শিরোনামে আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। এর গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন- আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। পরিবেশনায় ছিলেন কাব্যকুহুকের সদস্যবৃন্দ। 'একটি বাংলাদেশ' আবৃত্তি প্রযোজনায় ৫২'র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। এই প্রযোজনায় নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীরা তাদের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন অনন্য পরিবেশনার মধ্য দিয়ে।
মনোমুগ্ধকর এই আয়োজনে দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাসকুর-ই-সাত্তার কল্লোল, দেওয়ান সাইদুল হাসান প্রমখ উপস্থিত ছিলেন।

কাব্য কুহুক-এর সভাপতি ফারহানা তৃনা বলেন, ''ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এবং বাংলাদেশ সবার জন্য নিরাপদ বাসভূমি হবে- আবৃত্তির মাধ্যমে এই বার্তাটি আমরা উপস্থাপনার চেষ্টা করেছি। দেশের শান্তি সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠায় সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আমরা চাই নতুন প্রজন্ম আবৃত্তির প্রতি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আরো আগ্রহী হয়ে উঠুক।''
-শহিদুল ইসলাম এমেল