দাম্মামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের শিল্পীরা

24 Apr 2025, 02:39 PM সারেগারে শেয়ার:
দাম্মামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের শিল্পীরা

সৌদি আরবের দাম্মামে বসছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে, যেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবেন জেমস, মিলা, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। সৌদি সরকারের উদ্যোগে ২০১৯ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু করা ‘রিয়াদ সিজন’-এর সম্প্রসারিত অংশ হিসেবে আয়োজিত এই উৎসব চলছে আল খোবার আল ইস্কান পার্কে।  


৯ এপ্রিল থেকে উৎসব শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশ অংশ নেবে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।  


এই সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানা আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান।  ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এই উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন ব্যান্ড তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান এবং ডিজে সাফা।