কিছুদিন আগে অনুষ্ঠিত ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরও একটি সুসংবাদ দিলো দেশের চলচ্চিত্র ‘মাস্তুল’। এবছর সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিত একটি উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত 'মাস্তুল' ছবি। ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সেখানে ‘সেরা মানবিক চলচ্চিত্র’র জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে ‘মাস্তুল’। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৫-এ সিনেমাটি যাচ্ছে। জলে ভাসমান জাহাজীদের গল্পকে ঘিরে নির্মিত হয়েছে ‘মাস্তুল’ চলচ্চিত্রটি। সিনেমাটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।
ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনের দায়িত্বে আছে ‘টঙঘর টকিজ’। চলচ্চিত্রটি মুক্তির বিষয়ে নির্মাতা সূত্রে জানা যায়, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকরা ‘মাস্তুল’ চলচ্চিত্রটি দেখতে পাবে।