২০১২ খ্রিষ্টাব্দ থেকে ‘ভিট চ্যানেল আই’ তারকা হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করেন এই সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। গল্পের প্রয়োজনে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। একের পর এক ধারাবাহিক, সিঙ্গেল নাটক, বিজ্ঞাপনচিত্র, সিনেমায় অভিনয় করে হাজারো ভক্তের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। নিজের সহজাত অভিনয়দক্ষতা দিয়ে সামনে এগিয়ে চলছেন তিনি। দিন দিন তাকে নিয়ে কাজ করার আগ্রহও বাড়ছে নির্মাতাদের। এবারের আকাশলীনা আয়োজনে তানিয়া বৃষ্টিকে নিয়ে লিখেছেন শহিদুল ইসলাম এমেল...
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টিকে নিয়ে কাজ করতে নির্মাতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। সহশিল্পীরাও তার কাজের প্রশংসা করছেন। বর্তমান প্রজন্মের এই অভিনয়শিল্পী নিজের অভিনয়দক্ষতার গুণে অসংখ্য নাটকে অভিনয় করে তার অগণিত ভক্ত-দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বর্তমানে ঈদুল আজহার বেশ কয়েকটি সিঙ্গেল নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দর্শকনন্দিত এই অভিনয়শিল্পী। বলতে গেলে এখন ক্যারিয়ারের ভালো সময় পার করছেন তিনি।
অভিনয়ের সঙ্গে যুক্ত হলেন কীভাবে জানতে চাইলে তানিয়া বৃষ্টি বলেন, “ছেলেবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল অভিনয় করার। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই আব্বু-আম্মুকে বলতাম অভিনয় করার কথা। আমি নিজেকে টিভিতে দেখব বলে আব্বু-আম্মুর কাছে কান্না করতাম। আব্বু-আম্মু তখন বলতেন, ‘আগে বড়ো হও সবকিছু ঠিকঠাক বুঝতে শেখ, তারপর চিন্তাভাবনা করে অভিনয়ে যেও।’ তারপর ২০১২-এ ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ আবার শুরু হবে জানতে পারি, তখন আমি সেখানে ছবি পাঠাই এবং সিলেক্ট হই। ওখানে আমি সেকেন্ড রানারআপ হই। এভাবেই আমার নাটকে অভিনয় করা শুরু হয়। প্রথমে টিভিসি দিয়ে শুরু হলেও পরবর্তীসময়ে নিয়মিত নাটকে অভিনয় শুরু করি।”
গেল ঈদুল ফিতরে বিভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করতে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে। বিভিন্ন টিভি চ্যানেলে এবং পরবর্তীসময়ে ইউটিউবে প্রকাশিত হওয়া নাটকগুলোয় তানিয়া বৃষ্টির অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। বিশেষ করে সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে এস আর মজুমদারের ‘আজব গোল্লা’, তাইফুর জাহান আশিকের ‘গরিব জামাই’ ও মোহাসীন আকাশের ‘মাইরের ওপর ওষুধ নাই’। এছাড়া ‘মান্নানের মান সম্মান’, ‘নান্টু ঘটক’-সহ বেশ কয়েকটি নাটকে তানিয়া বৃষ্টি চরিত্রানুযায়ী নিখুঁত অভিনয় করেছেন।

ইউটিউবে প্রকাশিত জাকিউল ইসলাম রিপনের ‘টাইটানিকে ঈদযাত্রা’, ‘চোরের ঘরের চুন্নি’, শহীদ উন নবীর ‘ভুল করে মিসটেক’ ও মাসুদ রানা অনিকের ‘ভাড়াটে স্বামী’ নাটকেও চমৎকার অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। গত ঈদুল ফিতরে নিজের প্রচারিত নাটকগুলো প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “ঈদুল ফিতরে মোশাররফ ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে আমার। প্রত্যেকটি নাটকের গল্পই আলাদা এবং প্রত্যেকটি নাটকেই আমার চরিত্র ভিন্ন ছিল।”
তানিয়া বৃষ্টি মোশাররফ করিমের সঙ্গে একসাথে জুটি হয়ে বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। কখনো অজপাড়াগাঁয়ের কোনো দম্পতির ভূমিকায় আবার কখনো শহরের মিষ্টি কোনো প্রেমিক-যুগলের ভূমিকায়। গেল ঈদুল ফিতরে মোশাররফ করিমের সঙ্গে ‘খুচরা পাপী’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এনটিভিতে প্রচারিত নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। জুয়েল এলিনের রচনায়, নাটকটির কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন জিয়া উদ্দিন আলম। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে বেশকিছু নাটকে আমি অভিনয় করেছি। মোশাররফ ভাই আমার কাছে অভিনয়ের পাঠশালা। ওনার সঙ্গে যতবারই আমি কাজ করি ততবারই নিজেকে সমৃদ্ধ করি, ওনার কাছে অনেক কিছু শিখি। ‘খুচরা পাপী’ নাটকটি দর্শকেরা খুবই পছন্দ করেছেন এজন্য ভালো লাগছে।”
গত ঈদে প্রচারিত তানিয়া বৃষ্টি অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে ‘গরিব জামাই’, ‘ভুল করে মিসটেক’, ‘সুখের স্্ুযটকেস’, ‘টাইটানিকে ঈদযাত্রা’ উল্লেখযোগ্য।
‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘কাছের মানুষ’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ ‘জামাই বউ’র মাথা গরম’-সহ বহু নাটকে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন তিনি।
তানিয়া বৃষ্টি অভিনয় শুরু করেছিলেন মূলত মায়ের উৎসাহে আর নিজের ইচ্ছায়। নাটকের পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায়ও অভিনয় করেন তিনি। গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ’সহ আরো বেশকিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তানিয়া।
তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাসফুল’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘যদি তুমি জানতে’ ও ‘গোয়েন্দাগিরি’।
অবসরে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। সময় পেলে সবাইকে নিয়ে সিনেমা দেখতে যান, ঘোরাঘুরি করেন। অভিনয়ে মোশাররফ করিম ও জয়া আহসানকে আইডল মনে করেন। হ