ভারতীয় আলোচিত ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন শুরু হয়েছে। শোটি সঞ্চালনা করেন সালমান খান। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব বহুবার পেয়েছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এই শো থেকে তিনি কোটি টাকার পারিশ্রমিকেরও প্রস্তাব পেয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “আমি কখনো ‘বিগ বস’-এ আগ্রহী ছিলাম না, আর হবোও না। আমাকে ওই অনুষ্ঠানের জন্য ১ কোটি ৬৫ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমপর্যায়ের আরেকজন বলিউড তারকাকেও একই অর্থ দেওয়া হয়েছিল।”

একটি ঘটনার বর্ণনা করে তিনি বলেন, “বিগ বস’-এর স্টাইলিস্ট আমাকে ফোন করেছিলেন। তিনি অনুরোধ করে বলেছিলেন, আমার ডায়েটের যত্ন তিনি নেবেন। আমি বলেছিলাম, ওরা যদি আমাকে চাঁদের এক টুকরোও দেয়, তাও আমি যাব না।”
তনুশ্রী স্পষ্ট করেন, তিনি কোনো পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবেন না। “একই হলরুমে একসঙ্গে ঘুমাচ্ছে নারী-পুরুষ। সেখানেই তারা ঝগড়া করছে, সেখানেই থাকছে, আমি এটা করতে পারব না। ডায়েট নিয়ে আমি খুব সচেতন, সেটা আমার শক্তির ওপর নির্ভর করে। আমি কি এমন নারী যে, রিয়েলিটি শোয়ের জন্য একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাব ? আমি এতটা সস্তা নই। আমার গোপনীয়তা আমার কাছে অনেক মূল্যবান। আমি জানি, যদি আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়, তাহলে এরচেয়ে অনেক বেশি উপার্জন করতে পারি।”
তনুশ্রী দত্ত ২০০৪ খ্রিষ্টাব্দে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন এবং মিস ইউনিভার্সের সেরা দশে জায়গা করেন।
২০০৫ খ্রিষ্টাব্দে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তনুশ্রী। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকলেও, ২০১৮ খ্রিষ্টাব্দে তিনি অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।