বৈশাখে দোয়েল ওটিটির আয়োজন

12 Apr 2026, 05:52 PM অন্যান্য শেয়ার:
বৈশাখে দোয়েল ওটিটির আয়োজন


পয়লা বৈশাখ উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধারার আয়োজন নিয়ে আসছে দেশীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম দোয়েল ওটিটি। এবারের বৈশাখে প্ল্যাটফর্মটিতে থাকছে নতুন মৌলিক গান, বিশেষ সংগীতানুষ্ঠান, আঞ্চলিক ভাষার নাটক এবং শিশু-কিশোরদের শিক্ষামূলক ভ্রমণ অনুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় পরিবেশনা। এই বৈশাখে দোয়েল ওটিটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে নতুন মৌলিক বৈশাখী গান। “এসো বৈশাখ”। গানটিতে অংশ নিয়েছেন শান শায়েক, সাব্বির জামান, শীলা দেবী, তামান্না, প্রমি, সুমি শারমীনসহ আরও অনেকে।

এছাড়াও থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান শ্রুতি নন্দন। শেখ সাদী খানের সঙ্গীতায়োজনে গান পরিবেশন করবেন নির্ঝর চৌধুরী এবং জান্নাতে রোম্মান তিথি। অনুষ্ঠানে তুলে ধরা হবে শেখ সাদীর কিছু কালজয়ী গান।

নাট্যপ্রেমীদের জন্য থাকছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক “সওদাগরের তিন বলদ”। নাটকটিতে অভিনয় করেছেন চট্টগ্রামের স্থানীয় শিল্পীরা, যা আঞ্চলিক সংস্কৃতি ও ভাষার স্বকীয়তা তুলে ধরবে বলে জানিয়েছে দোয়েল ওটিটি কর্তৃপক্ষ। শিশু-কিশোর দর্শকদের জন্য থাকছে ভ্রমণ ও শিক্ষামূলক অনুষ্ঠান “ট্রিপস অ্যান্ড টুইস্ট”। এই অনুষ্ঠানে একদল কিশোর-কিশোরী ঢাকার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানে ভ্রমণে যাবে এবং স্থানগুলোর ইতিহাস ও গুরুত্ব দর্শকদের সামনে তুলে ধরবে। আয়োজকদের ভাষায় “ঘুরবে, দেখবে, দেখাবে।”

দোয়েল ওটিটির বৈশাখ আয়োজনের অংশ হিসেবে আরও থাকছে আদিবাসী ভাষাভাষীদের নাটক ও গান, টকশো, সঙ্গীতভিত্তিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য অ্যানিমেশন সিরিজ। এসব কনটেন্টের মাধ্যমে শিশুরা বিনোদনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কেও ধারণা পাবে বলে মনে করে দোয়েল ওটিটি। বৈশাখ উপলক্ষে দোয়েল ওটিটি দর্শকদের আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটির সঙ্গে থাকার। কর্তৃপক্ষ বলছে, এবারের বৈশাখে দর্শকরা দোয়েল ওটিটিতে উপভোগ করবেন নানা স্বাদের ভিন্নধর্মী আয়োজন।