১৯৯২ খ্রিস্টাব্দে জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কম্ব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় একই নামের সিনেমা। ১৯৯৫ খ্রিস্টাব্দে মুক্তি পায় এটি। ১৯৯৭ সালে এর সিক্যুয়েল “মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন” মুক্তি পায়। ফাইটিং গেম হিসেবে যতটা জনপ্রিয় ছিল মর্টাল কম্ব্যাট, ছবি দুটি আবার ততটা হতে পারেনি। ২০২১ খ্রিস্টাব্দে মুক্তি পায় ‘মর্টাল কম্ব্যাট’। এটি দর্শকদের মাঝে ভালো সাড়া তৈরি করে। যার ধারাবাহিকতায় দর্শকদের জন্য আবারও নিয়ে এসেছে ওয়ার্নার ব্রাদার্স। জনপ্রিয় গেম সিরিজ “মর্টাল কম্ব্যাট” অবলম্বনে নির্মিত সিনেমা “মর্টাল কম্ব্যাট ২” ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পায়।
একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পায় ছবিটি। ২০২১ খ্রিস্টাব্দের জনপ্রিয় রিবুট চলচ্চিত্র “মর্টাল কম্ব্যাট”-এর সরাসরি সিক্যুয়েল এটি। আগের সিনেমার পরিচালক সাইমন ম্যাকোয়েড এই সিনেমাটিও পরিচালনা করেছেন। অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেন প্রমুখ। 