নীলাঞ্জনা নীলা মায়াবী চাহনি আর সাবলীল অভিনয়ের এক অনন্য নাম। আকাশের নীলাভ রং যেমন মানুষকে মুগ্ধ করে, বিনোদন জগতের নীলিমায় তেমনি এক স্নিগ্ধ আভা ছড়িয়ে চলেছেন লাক্স সুন্দরী নীলাঞ্জনা নীলা। সম্প্রতি মুক্তি পাওয়া দুটি নাটকে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি। ঈদের জন্য কাজ করেছেন একাধিক নাটকে। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
কালো নয়না হওয়া সত্ত্বেও তাঁর নামের সার্থকতা যেন খুঁজে পাওয়া যায় তাঁর অভিনয় আর ব্যক্তিত্বের গভীরতায়। সমসাময়িক অভিনয় শিল্পীদের ভিড়ে সংখ্যায় নয়, বরং গুণগত মান আর বাছবিচার করে কাজ করাই নীলাকে করে তুলেছে অনন্য। সাফল্যের শুরু ও লাক্স সুপারস্টার নীলাঞ্জনা নীলার যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে। তবে, তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘সেভেন আপ’-এর একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র।
এরপর ২০১৪ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপ হওয়ার পর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বড়োপর্দায় অভিষেক হয় ২০১৭ খ্রিস্টাব্দে নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহিন বালুচর’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই গ্রামীণ তরুণীর চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা কুড়ায়। শুধু তাই নয় কাজের স্বীকৃতিস্বরূপ লাভ করেন ‘লাক্স ইমার্জিং তারকা পুরস্কার ২০১৭’।
তার দি¦তীয় ছবি ‘শ্যামা কাব্য’ নিয়ে দীর্ঘ সাত বছর পর আবারো বড়োপর্দায় ফেরেন নীলা। এই ছবিটিও নির্মাণ করেন বদরুল আনাম সৌদ। এই ছবিতেও তাঁর সাবলীল অভিনয় এবং চরিত্রের গভীরতা নতুন করে দর্শকদের মুগ্ধ করেছে।
মুক্তির অপেক্ষায় রয়েছে আরো দুটি ছবি। একটি মোস্তাফিজুর রহমান মানিকের অন্যটি এস এম কাইয়ূমের। ছবির পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন ছোটো পর্দায়। গত ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়।
দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা অভিনীত দুটি নাটক এই সময়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একটি হলো ‘গরীবের সুন্দরী বউ’ অন্যটি ‘স্যার ভিএস ম্যাডাম’। দুটি নাটকেই তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। দুই নাটকেই বেশ প্রশংসিত হয়েছিল নীলাঞ্জনা নীলা।
এইদিকে নীলা আসন্ন ঈদুল আজহার জন্য একাধিক নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন সকাল আহমেদের পরিচালনায় ‘জামাইয়ের আবদার’ শিরোনামের একটি নাটকে। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। ‘জামাইয়ের আবদার’ নাটকটি ঈদে গ্লোবাল টিভিতে প্রচার হবে।
গুণী দুই অভিনেতার সঙ্গে নিয়মিত কাজ করা প্রসঙ্গে নীলা বলেন, মোশাররফ ভাই দারুণ গুণী একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয় করলে অনেক কিছু শেখা যায়। সবচেয়ে বড়ো কথা তিনি সহযোগিতা পরায়ণ একজন অভিনেতা। অনুরূপভাবে চঞ্চল ভাইও এই দেশের নাটক সিনেমার একজন নন্দিত গুণী অভিনেতা। দেশে বিদেশে দুজনেরই সুখ্যাতি রয়েছে। তাদের সঙ্গে আসলে অভিনয় করাটা নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করার সুযাগ পাওয়া। চঞ্চল ভাইয়ের সঙ্গে জামাইয়ের আবদার নাটকে অভিনয় করে ভালো লেগেছে। সকাল আহমেদ ভাইকে ধন্যবাদ আমাকে এই নাটকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায়ও একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। নীলা বর্তমানে নিজেকে বহুমুখী চরিত্রে মেলে ধরছেন। সেই সঙ্গে কাজ করছেন ওয়েব সিরিজেও। নাটকের পাশাপাশি একাধিক ওটিটি প্লাটফর্মের জন্য কয়েকটি নতুন ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
নীলাঞ্জনা নীলা শুরু থেকেই স্রোতে গা ভাসাতে চাননি। তাঁর ক্যারিয়ারের ১২ বছরে মাত্র দুটি ছবি মুক্তি পাওয়া প্রমাণ করে যে, তিনি চিত্রনাট্য নির্বাচনে কতটা সচেতন। তাঁর উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে বাংলালিংক, ক্লোজআপ, ইতালিয়ানো মেলামাইন, রিং আইডি ও ক্রিসেন্ট ফুটওয়্যার।
মায়াবী চাহনি আর শান্ত স্বভাবের এই অভিনেত্রী নিজেকে প্রতিনিয়ত ঝালিয়ে নিচ্ছেন। নির্মাতাদের পছন্দের তালিকায় ওপরের দিকে থাকা নীলাঞ্জনা নীলা ঢাকাই চলচ্চিত্রের আগামীর অন্যতম কাণ্ডারি হতে যাচ্ছেন, তা বলাই বাহুল্য।
নীলাঞ্জনা নীলা এই বছরের ৬ ফেব্রয়ারি পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর কাউসার মাহমুদ সায়ান। তবে, এতদিন বিয়ের কথা গোপন থাকলেও গেল ঈদুল ফিতরের দিনে বিয়ের খবর প্রকাশ করেন তিনি। বিয়ে প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়।
তার এই নতুন পথচলার জন্য সকলের কাছে দোয়া, ভালোবাসা চেয়ে বলেন, আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে যেন পরিপূর্ণ হয়।