শাকিবকে ট্যাগ করে মা হওয়ার খবর দিলেন বুবলী

25 Jun 2026, 02:08 PM মুভিমেলা শেয়ার:
শাকিবকে ট্যাগ করে মা হওয়ার খবর দিলেন বুবলী


শবনম বুবলী মা হয়েছেন। ৫ জুন শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে লিখেন- ১১ মে তিনি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। এবার তার কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। সংবাদটি পোস্ট দেওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য করেন সহশিল্পী, পরিচালক, ভক্ত ও শুভাকাক্সক্ষীরা। নবজাতকের জন্য শুভকামনা জানান তারা। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে আসে আরেকটি প্রশ্ন, কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এতদিন কোথায় ছিলেন ?

কয়েক মাস ধরে বুবলীকে নিয়ে নানা গুঞ্জন ছিল। তাছাড়া কয়েক মাস ধরে তাকে আগের মতো জনসমক্ষে দেখা যাচ্ছিল না। সিনেমা মুক্তি পেলেও প্রিমিয়ার, এমনকি সংবাদ সম্মেলন কিংবা প্রচারণা অনুষ্ঠানে তার উপস্থিতিও তেমন ছিল না। বছরের শুরুতে তিনি একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্তদের কৌতূহল বাড়তে থাকে।

তবে অনেকেই আগে থেকে ধারণা করে আসছিলেন বুবলী আবারও মা হতে চলেছেন। এরই মধ্যে সামাজিক মাধ্যমে শবনম বুবলীর কিছু ছবি ও ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের নজরে আসে তার শারীরিক পরিবর্তন। ভক্তদের একটা অংশ তখন কানাঘুষা করতে শুরু করে, বুবলী হয়তো আবার মা হতে চলেছেন। তবে এসব জল্পনা-কল্পনার কোনোটির উত্তর দেননি তিনি।

পরবর্তীসময়েও মাতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি ; বরং বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন। ৫ জুন ২০২৬ শাকিব খানকে ট্যাগ করে কন্যা সন্তানের মা হওয়ার খবর দেন বুবলী।

পরিচিতজনদের কেউ কেউ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এবিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি। তবে, তার ঘনিষ্ঠ একাধিক সূত্রের মতে, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন।

মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন আড়াল বজায় রেখে।

মা হওয়ার কয়েক মাস পূর্ব পর্যন্তও শুটিং এবং বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। কয়েকটি সিনেমার শুটিংও করেছেন। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত পরিচালক রায়হান রাফির ‘প্রেশার কুকার’ ছবির শুটিংও করেছেন ওই সময়। ছবিটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাকে। বিষয়টি তখন অনেকের নজরে আসে। কারণ, নিজের সিনেমা মুক্তি পেলে সাধারণত হল পরিদর্শন, মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় বেশ সরব থাকেন বুবলী। এবার তার অনুপস্থিতি রহস্য বাড়িয়ে দেয়। সেই কারণে অনেকেই ধারণা করেছিলেন, শবনম বুবলী হয়তো দেশের বাইরে আছেন। পরিচালকও বলেছিলেন, বুবলী অসুস্থ তাই এখন তিনি প্রকাশ্যে আসছেন না। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বুবলী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এবিষয়ে কিছুই বলা হয়নি।

কন্যাসন্তান জন্মের খবরটি ফেসবুকে পোস্ট দেওয়ার পর সন্তানের জন্ম কোথায় হয়েছে, সেটি নিয়েও নানা আলোচনা ছিল। তবে, বিশেষ একটি সুত্রে জানা যায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালেই বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়।

৫ মে শুক্রবার কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই সঙ্গে বুবলী নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুক পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন বুবলী। সেখানে উল্লেখ করেন, ১১ মে জন্ম হয়েছে তার কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে অভিনেতা শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী।

এদিকে মাতৃত্বের কারণে পিছিয়ে যাওয়া কাজগুলোও ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন বুবলী। তার সঙ্গে কাজ করা কয়েকজন পরিচালক জানান, বুবলী ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে দুই-এক মাসের মধ্যেই আবারও শুটিংয়ে ফিরতে পারেন।

এর আগে বুবলীর ২০২০ খ্রিষ্টাব্দের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ খ্রিষ্টাব্দে সন্তানের জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন বুবলী ও শাকিব খান। তবে এবার একমাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তানের জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী।

দীর্ঘ কয়েক মাসের নীরবতা, আড়ালে থাকা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর নিজেই জানালেন শবনম বুবলী। মাতৃত্বের এই ব্যক্তিগত সময়টুকু যে তিনি আলোচনার বাইরে, নিজের মতো করেই কাটাতে চেয়েছিলেন, সেটিও পরিষ্কার হয়ে উঠেছে তার এই সময়ের কর্মকাণ্ডে।