আইসিইউতে মেঘলা মুক্তা

29 Jul 2026, 04:16 PM মুভিমেলা শেয়ার:
আইসিইউতে মেঘলা মুক্তা

মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা ঢাকার একটি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। সেখানে এই অভিনেত্রীর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। ২৯ জুলাই, বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে লেখা হয়, ‘অত্যান্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’সেই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না করার জন্য অনুরোধ জানানো হয়। পোস্টে লিখেন, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’ 

মেঘলা মুক্তা ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন। একটি ভাঙা মোবাইল ফোনের কয়েকটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’

পোস্ট দেয়ার দুই দিন পর তার অফিশিয়াল পেজ থেকে দুর্ঘটনার খবরটি দেয়া হয়।

দুই বাংলার যৌথ প্রযোজনায় কাজ করলেও নায়িকা হিসেবে তেলেগু ইন্ডাস্ট্রিতেও পা রাখেন মেঘলা মুক্তা। তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে বেশ পরিচিতি পান তিনি। 

শুরুটা হয়েছিল র‌্যাম্প দিয়ে। এরপরর বিভিন্ন ফ্যাশন হাউজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পণ্যের মডেল হন তিনি। বড়োপর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়েই নাম লেখান চলচ্চিত্রে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি ।