নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তরুণ সংগীতশিল্পী রাকিব হাসান। সম্প্রতি RH Music Station-এর ব্যানারে প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘লাল টুকটুকে সোনা’। গানটি প্রকাশের সঙ্গে এর একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
‘লাল টুকটুকে সোনা’ গানটির কথা লিখেছেন রাকিব হাসান ও আজিজুল হক। সুর করেছেন রাকিব হাসান। সংগীতায়োজন ও কম্পোজিশনে রয়েছেন মুন্সি জুয়েল। গানটির দৃশ্যধারণ করেছেন নাজমুল। ভিডিও পরিচালনা করেছেন রাকিব হাসান ও রিয়াদ।
গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে গোপালপুরের যমুনাপাড়ের মনোরম লোকেশনে। প্রকাশিত পোস্টারে রাকিব হাসানকে সানগ্লাস ও স্টাইলিশ পোশাকে দেখা গেছে। নান্দনিক পোস্টারটিও ইতোমধ্যে গানটির প্রতি শ্রোতাদের আগ্রহ তৈরি করেছে।
গানটি কীভাবে তৈরি হলো, সে গল্পও জানিয়েছেন রাকিব হাসান। তিনি বলেন, “বাইকে বসে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে লাল শাড়ি পরা একটি মেয়ে একজন ছেলের সঙ্গে খুনসুটি করছে। ছেলেটি মেয়েটিকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটি কিছুতেই মানছে না। তারপরও ছেলেটি পিছু ছাড়ছে না। তাকে দেখে মনে হচ্ছিল, যেন সে হার না মানা এক যোদ্ধা।"

এই দৃশ্য দেখতে দেখতেই তাঁর মাথায় আসে গানের দুটি লাইন—‘আমি তোমায় ভালোবাসি, তুমি বাসো না। তুমি আমার লাল টুকটুক সোনা।’ পরে বাসায় ফিরে রাতে গানের একটি মুখ ও অন্তরা লেখেন তিনি। বাকি অন্তরাগুলো লিখেছেন কুড়েঘর ব্যান্ডের গীতিকার আজিজুল হক।
রাকিব হাসান বলেন, শ্রোতাদের বিনোদনের কথা মাথায় রেখেই ‘লাল টুকটুকে সোনা’ গানটি তৈরি করা হয়েছে। গানটির কথা, সুর ও ভিডিওতে ভিন্ন কিছু করার চেষ্টা করা হয়েছে। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।
নতুন এই গান নিয়ে রাকিব হাসানের প্রত্যাশা, ‘লাল টুকটুকে সোনা’ শ্রোতাদের ভালো লাগবে এবং গানটির মাধ্যমে সংগীতাঙ্গনে তাঁর পথচলা আরও শক্ত হবে।
লেখা: শহিদুল ইসলাম এমেল