ফ্যাশনের কথা উঠলে সবার আগে মনে আসে পোশাকের কথা। এরপর জুতা, ঘড়ি, অলংকার কিংবা অন্যান্য অনুষঙ্গ। কিন্তু সাজে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে ব্যাগের গুরুত্বও কোনো অংশে কম নয়। বরং অনেক সময় একটি সঠিক ব্যাগই সাধারণ পোশাককে করে তুলতে পারে আরো আকর্ষণীয়। আবার দারুণ একটি পোশাকের সঙ্গে ভুল ধরনের ব্যাগ পুরো সাজের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। ব্যাগের সাত কাহন নিয়ে এবারের অঁভোগ আয়জন। লিখেছেন ফাতেমা ইয়াসমিন...
চলুন, নারী ও পুরুষের পোশাক এবং বিভিন্ন আয়োজন অনুযায়ী ব্যাগ নির্বাচনের কিছু সহজ নিয়ম জেনে নেওয়া যাক—
নারীদের ফ্যাশনে ব্যাগের বিভিন্ন ধরন
নারীদের ব্যাগের জগৎ বেশ বৈচিত্র্যময়। ছোটোক্লাচ, পোটলি, স্লিং, টোট, স্যাচেল, বাকেট থেকে শুরু করে ব্যাকপ্যাক— প্রতিটি ব্যাগের রয়েছে আলাদা ব্যবহার ও আলাদা সৌন্দর্য। প্রয়োজনের সঙ্গে পোশাকের সামঞ্জস্য রেখে বেছে নিলে ব্যাগ হয়ে উঠতে পারে সাজের অন্যতম আকর্ষণ।
বিয়ের অনুষ্ঠানে ক্লাচও পোটলি
বিয়ে, গায়ে হলুদ, পার্টি কিংবা যেকোনো জমকালো অনুষ্ঠানে শাড়ি, লেহেঙ্গা, গাউন বা কাজ করা সালোয়ার-কামিজের সঙ্গে ক্লাচ ব্যাগ বেশ মানানসই। ছোটো ও হাতলবিহীন এই ব্যাগ হাতে বহন করা হয়। আকারে ছোটো হলেও এর নকশায় থাকতে পারে নানা ধরনের কারুকাজ। পাথর, পুঁতি, সিকুইন, অ্যামব্রয়ডারি বা ধাতব অলংকরণ করা ক্লাচ উৎসবের পোশাকের সঙ্গে বাড়তি আভিজাত্য যোগ করতে পারে। তবে, ক্লাচে জায়গা কম থাকে। তাই এতে শুধু প্রয়োজনীয় জিনিস— ফোন, টাকা, চাবি, লিপস্টিক বা ছোটো আয়না রাখাই ভালো।
দেশীয় পোশাকের সঙ্গে পোটলি ব্যাগও হতে পারে চমৎকার পছন্দ। বিশেষ করে শাড়ি বা লেহেঙ্গার সঙ্গে কারুকাজ করা পোটলি সাজে এনে দেয় ঐতিহ্যবাহী আবহ।
অফিসে স্ট্রাকচার্ড টোট
অফিসের ব্যাগে যেমন প্রয়োজন পর্যাপ্ত জায়গা, তেমনি দরকার পরিপাটি ও পেশাদার লুক। ফরমাল শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট-প্যান্ট কিংবা ব্লেজারের সঙ্গে স্ট্রকচার্ড টোট বেশ মানানসই। এই ধরনের ব্যাগ সাধারণত কাঠামোবদ্ধ হয় এবং এতে ল্যাপটপ, ডায়েরি, নথিপত্র, চার্জার, ছোটো প্রসাধনীসহ প্রয়োজনীয় অনেক কিছু রাখা যায়। অফিসের জন্য কালো, বাদামি, নেভি কিংবা অন্যকোনো নিরপেক্ষ রঙের ব্যাগ বেছে নিলে তা বিভিন্ন পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায়।
ক্যাম্পাসে ব্যাকপ্যাক
কলেজ, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যাগের ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি আরামও গুরুত্বপূর্ণ। বই, খাতা, ল্যাপটপ, পানির বোতল, ছাতা— অনেক কিছু বহন করতে হয় বলে ব্যাকপ্যাক বেশ ব্যবহারিক। জিন্স-টপ, কুর্তি, ক্যাজুয়াল শার্ট কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে মিনিমাল ডিজাইনের ব্যাক প্যাক তৈরি করতে পারে স্বচ্ছন্দ্য ক্যাম্পাস লুক। দীর্ঘ সময় চলাফেরার ক্ষেত্রে দুই কাঁধে বহন করা যায় এমন ব্যাগও বেশ আরামদায়ক।
আড্ডা ও শপিংয়ে স্লিং বা ক্রসবডি
বন্ধুদের সঙ্গে আড্ডা, শপিং কিংবা শহরে ঘোরাঘুরির সময় বড়ো ব্যাগ বহনের প্রয়োজন নেই। ছোটো স্লিং বা ক্রসবডি ব্যাগ হতে পারে আদর্শ সঙ্গী। লম্বা স্ট্র্যাপের কারণে এই ব্যাগ শরীরের ওপর আড়াআড়িভাবে বহন করা যায়। ফলে হাত থাকে অনেকটাই মুক্ত। ফোন, মানিব্যাগ, চাবি, ছোটো প্রসাধনী বা প্রয়োজনীয় কিছু জিনিস রাখার জন্য এই ব্যাগ যথেষ্ট। জিন্স, টি-শার্ট, কুর্তি, ম্যাক্সি কিংবা ওয়েস্টার্ন ড্রেস— প্রায় সব ধরনের ক্যাজুয়াল পোশাকের সঙ্গেই স্লিং ব্যাগ মানিয়ে যায়।
দৈনন্দিন ব্যবহারে টোট, স্যাচেল ও বাকেট
প্রতিদিনের ব্যস্ত জীবনে এমন ব্যাগ প্রয়োজন, যেখানে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা যায়। তাই টোট, স্যাচেল কিংবা বাকেট ব্যাগ হতে পারে নিত্যদিনের সঙ্গী। টোট ব্যাগের সবচেয়ে বড়ো সুবিধা হলো জায়গা। অফিস, শপিং কিংবা দৈনন্দিন কাজে প্রয়োজনীয় অনেক কিছু এতে রাখা যায়। অন্যদিকে স্যাচেল ব্যাগের কাঠামোবদ্ধ নকশা এটিকে করে তোলে পরিপাটি ও বহুমুখী। অফিস, কলেজ কিংবা সেমি-ক্যাজুয়াল আয়োজনেও এটি ব্যবহার করা যায়। বাকেট ব্যাগও দৈনন্দিন ব্যবহারে বেশ সুবিধাজনক। এর নরম কাঠামো ও খোলা মুখের কারণে প্রয়োজনীয় জিনিস রাখা এবং বের করা সহজ।
ভ্রমণে ডাফেল ও উইকেন্ডার
ভ্রমণের সময় ছোটো ফ্যাশন ব্যাগের চেয়ে বড়ো ও মজবুত ব্যাগ বেশি প্রয়োজনীয়। এক বা দুইদিনের ট্যুর, উইকেন্ড ট্রিপ কিংবা জিমে যাওয়ার জন্য ডাফেল বা উইকেন্ডার ব্যাগ হতে পারে ভালো পছন্দ। জামা-কাপড়, জুতা, তোয়ালে, প্রসাধনী কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার মতো পর্যাপ্ত জায়গা থাকে এসব ব্যাগে। আরামদায়ক টি-শার্ট, ট্র্যাকপ্যান্ট, জ্যাকেট বা স্পোর্টস ওয়্যারের সঙ্গে এগুলো বেশ মানানসই।
পুরুষদের ফ্যাশনেও ব্যাগ গুরুত্বপূর্ণ
পুরুষদের ফ্যাশনে ব্যাগের ব্যবহার একসময় মূলত ব্রিফকেস ও ব্যাকপ্যাকেই সীমাবদ্ধ ছিল। এখন সেই ধারণা অনেকটাই বদলেছে। স্লিং, ক্রসবডি, মেসেঞ্জার, টোট, লেদার স্যাচেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ জায়গা করে নিয়েছে পুরুষদের দৈনন্দিন ফ্যাশনে।

অফিস ও ইন্টারভিউতে ব্রিফকেস
অফিস, ইন্টারভিউ কিংবা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিংয়ে পোশাকের মতো ব্যাগেও থাকা চাই পরিমিতি। ফরমাল শার্ট-প্যান্ট, ব্লেজার কিংবা স্যুটের সঙ্গে ব্রিফকেস অথবা পরিপাটি ল্যাপটপ ব্যাগ বেশ মানানসই। কালো, গাঢ় বাদামি বা অন্যকোনো নিরপেক্ষ রঙের লেদার ব্যাগ ফরমাল পোশাককে আরো পরিপাটি করে তুলতে পারে। একই সঙ্গে ল্যাপটপ, নথিপত্র, ডায়েরি ও প্রয়োজনীয় গ্যাজেট বহনের কাজও সহজ হয়। ইন্টারভিউয়ের ক্ষেত্রে অতিরিক্ত বড়ো বা খুব বেশি নকশা করা ব্যাগের বদলে সাধারণ ও পরিমিত ডিজাইনের ব্যাগ বেছে নেওয়াই ভালো।
ক্যাজুয়াল লুকে স্লিং ও ক্রসবডি
বন্ধুদের সঙ্গে আড্ডা, শপিং কিংবা ছোটোখাটো ঘোরাঘুরির সময় বড়ো ব্যাগের প্রয়োজন নেই। টি-শার্ট, পোলোশার্ট, জিন্স বা চিনোর সঙ্গে ছোটো স্লিং, ক্রসবডি কিংবা ওয়েস্ট ব্যাগ হতে পারে স্মার্ট পছন্দ। ফোন, মানিব্যাগ, চাবি, পাওয়ার ব্যাংকসহ ছোটো প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এগুলো যথেষ্ট। পাশাপাশি হাতও থাকে মুক্ত। ক্যাজুয়াল পোশাকের সঙ্গে এই ব্যাগগুলো লুকে যোগ করতে পারে আধুনিকতার ছোঁয়া।
কলেজ-ইউনিভার্সিটিতে ব্যাকপ্যাক ও মেসেঞ্জার
শিক্ষার্থী কিংবা প্রতিদিন যাতায়াত করেন এমন পুরুষদের জন্য ব্যাকপ্যাক এখনো অন্যতম জনপ্রিয় ব্যাগ। বই-খাতা, ল্যাপটপ, পানির বোতল, ছাতা ও অন্যান্য জিনিস বহনের জন্য এতে যথেষ্ট জায়গা থাকে। ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, জিন্স, চিনো বা স্নিকার্সের সঙ্গে মিনিমাল ডিজাইনের ব্যাকপ্যাক সহজেই মানিয়ে যায়। যারা একটু ভিন্নধরনের স্টাইল পছন্দ করেন, তাদের জন্য মেসেঞ্জার ব্যাগ হতে পারে বিকল্প। এককাঁধে বহন করা এই ব্যাগ ক্যাজুয়াল শার্ট-প্যান্ট কিংবা পাঞ্জাবির সঙ্গেও ভালো মানায়।
ভ্রমণ ও জিমেডাফেল
জিমকিং বা ভ্রমণের ক্ষেত্রে ব্যাগের মূল বিষয় হলো জায়গা ও ব্যবহারিকতা। ডাফেল বা উইকেন্ডার ব্যাগ এক্ষেত্রে বেশ কার্যকর। জামাকাপড়, জুতা, তোয়ালে, গ্রুমিং কিট কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এতে রাখা যায়। স্পোর্টস টি-শার্ট, ট্র্যাকপ্যান্ট, জ্যাকেট কিংবা আরামদায়ক পোশাকের সঙ্গে ডাফেল ব্যাগ স্বাভাবিকভাবেই মানিয়ে যায়।
সেমি-ফরমালে টোট বা লেদার স্যাচেল
লাঞ্চ, সেমিনার, এক্সিবিশন কিংবা সেমি-ফরমাল কোনো অনুষ্ঠানে ব্রিফকেস কিছুটা বেশি ফরমাল মনে হতে পারে। আবার স্পোর্টি ব্যাকপ্যাকও সব সময় মানানসই নয়। এক্ষেত্রে লেদারটোট বা স্যাচেল হতে পারে চমৎকার সমাধান। লিনেন বা অক্সফোর্ডশার্ট, চিনোপ্যান্ট, ব্লেজার ও লোফারের সঙ্গে পরিমিত নকশার লেদার টোট তৈরি করতে পারে স্মার্ট ও আধুনিক লুক।