কেমোথেরাপি চলার মধ্যেই শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

04 Oct 2026, 02:29 PM আকাশলীনা শেয়ার:
কেমোথেরাপি চলার মধ্যেই শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার সার্জারি করার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কেমোথেরাপি শেষ হওয়ার আগেই অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তানিয়া বৃষ্টি। ৩ অক্টোবর শনিবার, ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানান তিনি।

লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি জানান, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। এখন চলছে চতুর্থ মাসের কেমোথেরাপি। আরও দুই মাস চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা করা হবে। এরপর পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক।

অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, চলতি মাস থেকেই তিনি আবার কাজ শুরু করতে চান। এ নিয়ে এরই মধ্যে কথাবার্তাও চলছে। তবে ঠিক কোন তারিখ থেকে শুটিং শুরু করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকার কারণও জানান এই অভিনেত্রী। অসুস্থতার কারণে প্রায় নয় মাস কাজ করতে পারেননি তিনি। সে সময় তার শারীরিক অবস্থা আরও খারাপ ছিল। বর্তমানে আগের তুলনায় অনেকটা ভালো অনুভব করায় সবকিছু বিবেচনা করেই আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনয়ে ফেরার পেছনে ভক্তদের ভালোবাসাকেও বড়ো অনুপ্রেরণা হিসেবে দেখছেন তানিয়া বৃষ্টি। যারা তাকে ভালোবাসেন, নিয়মিত খোঁজখবর নেন এবং আবারও পর্দায় দেখার অপেক্ষায় আছেন, তাদের ইচ্ছাকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

অসুস্থতার সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। তিনি আশা করছেন, সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে পারবেন।

অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

উল্লেখ্য এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া। সেখানে চিকিৎসকদের পরামর্শে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি কারও সঙ্গে কথাও বলতে পারেননি। এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ ফেসবুক লাইভে এসে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হন তানিয়া।

চিকিৎসার পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতি নেওয়া তানিয়া বৃষ্টিকে এখন নতুন করে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্ত-দর্শকরা।

—শহিদুল ইসলাম এমেল