ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’-এর ফাইনালিস্ট
নুশিন আদিবার সংগীতের প্রতি ভালোবাসার শুরু শৈশব থেকেই। আর এই ভালোবাসার প্রথম
অনুপ্রেরণা তার মা। আধুনিক গানের পাশাপাশি সেমি-ক্ল্যাসিক্যাল ও নজরুলসংগীতের প্রতিও
রয়েছে তার বিশেষ অনুরাগ। আদিবার সংগীতজীবনের নানা অভিজ্ঞতা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে লিখেছেন শহিদুল ইসলাম এমেল...
সংগীতের হাতেখড়ি মায়ের অনুপ্রেরণায়
নুশিন আদিবার জন্ম ও বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া সদরে। শৈশব,
কৈশোর এবং স্কুল-কলেজের পড়াশোনা সেখানেই। ছোটোবেলায়
মায়ের গান ও নাচের চর্চা দেখে সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় তার।
প্রথম হারমোনিয়ামটি যখন কিনে দেওয়া হয়েছিল, তখন তার ছোট্টো
হাত হারমোনিয়ামের বেলো পর্যন্ত পৌঁছাত না ! সেই বয়স থেকেই
সংগীতের পথে তাঁর যাত্রা শুরু। ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট ওস্তাদ
আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র এবং তিতাস
ললিতকলা একাডেমিতে সংগীত শিখেছেন তিনি। নাসির উদ্দীন, আলী
মোসাদ্দেক মাসুদ ও আসিফ ইকবাল খানের কাছে গান শেখার সুযোগ
হয়েছে তার। সবচেয়ে মজার ব্যাপার হলো, মা এবং তার গানের
শিক্ষক ছিলেন একই মানুষ, প্রয়াত সেহেলী মাসুদ। এছাড়া ওস্তাদ
হেলাল উদ্দিনের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন। ঢাকায়
আসার পর শ্রদ্ধেয় সুজিত মোস্তফার কাছেও বেশ কিছুদিন গান
শিখেছেন।
সংগীতের পাশাপাশি পড়াশোনায়ও পিছিয়ে নেই আদিবা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে
স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার মতে, নাটক ও
নাট্যতত্ত্বের শিক্ষা শিল্পীসত্তাকে সমৃদ্ধ করার পাশাপাশি মঞ্চে
পারফর্ম করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

সেরা কণ্ঠের মঞ্চে স্মরণীয় অভিজ্ঞতা
আদিবার সংগীতজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ‘চ্যানেল
আই সেরা কণ্ঠ ২০১৭’। ওই প্রতিযোগিতার ফাইনালিস্ট হওয়া
এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত ফাইনাল পর্বে অংশ নিতে পারা ছিল
তাঁর জন্য দারুণ আনন্দ ও রোমাঞ্চের। প্রতিযোগিতায় প্রথম
ফাইনালিস্ট হিসেবে ‘ভয়েস অব দ্য ডে’ নির্বাচিত হয়ে সরাসরি
ফাইনালে যাওয়ার সুযোগ পান তিনি।
এই প্রতিযোগিতার মাধ্যমে সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ,
রেজওয়ানা চৌধুরী বন্যা ও মিতালী মুখার্জীর মতো গুণী
শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন। পাশাপাশি দেশের অনেক
খ্যাতিমান সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও গুরুজনের কাছ
থেকে শেখার সুযোগ হয়েছে। প্রতিযোগিতার পরিচালক ইজাজ
খান স্বপনের কাছ থেকেও পেয়েছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
একসময় চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ থাকলেও এখন
বিষয়টিকে ভিন্ন ভাবে দেখেন আদিবা। তার উপলব্ধি, চ্যাম্পিয়ন
হওয়ার চেয়েও প্রতিযোগিতা থেকে পাওয়া অভিজ্ঞতা, পরিচিতি
ও শিক্ষা অনেক বেশি মূল্যবান। সেই অভিজ্ঞতাকে কাজে
লাগিয়ে সংগীতজগতে নিজের অবস্থান তৈরির চেষ্টা করে
চলেছেন তিনি। সেরা কণ্ঠের মঞ্চেই উপমহাদেশের প্রখ্যাত
সংগীতশিল্পী মিতালী মুখার্জীর কাছ থেকে পাওয়া একটি প্রশংসা
তাঁকে অনুপ্রাণিত করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে
উপস্থিত মিতালী মুখার্জীর সামনে তারই ‘দুঃখ ছাড়া হয় না
মানুষ’ গানটি পরিবেশন করেছিলেন আদিবা। গানটি শুনে
মিতালী মুখার্জী বলেছিলেন, তার মধ্যে নিজের একটা প্রতিফলন
দেখতে পাচ্ছেন। একজন বিখ্যাত শিল্পীর কাছ থেকে পাওয়া
এই স্বীকৃতিকে নিজের সংগীতজীবনের অন্যতম বড়ো প্রাপ্তি
মনে করেন তিনি।

আধুনিক গানে স্বাচ্ছন্দ্য, প্রিয় গান ‘ছলাৎ ছলাৎ’
আদিবা মূলত আধুনিক গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে
সেমি-ক্ল্যাসিক্যাল ও নজরুলসংগীতের প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা।
একজন পারফর্মার হিসেবে স্টেজে লোকগীতি, রবীন্দ্রসংগীত, পপ ও
ব্যান্ডের গানসহ ভিবিন্ন ধরনের গান পরিবেশন করতে হয় তাকে। তবে,
সবধরনের গান গাওয়ার মধ্যেও নিজের গায়কির স্বাতন্ত্র্য ধরে রাখার
চেষ্টা করেন তিনি।
নিজের মৌলিক গানগুলোর মধ্যে ‘মাকড়সার জাল’ ওয়েব ফিল্মের
‘ছলাৎ ছলাৎ’ গানটি সবচেয়ে প্রিয় তার। ওয়ালিদ হাসানের
কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার
রাফাত। গানটির কথা, সুর ও রোমান্টিক আবহ তাকে
বিশেষভাবে আকৃষ্ট করে। আদিবার কাছে গানের কথার গুরুত্ব
অনেক বেশি। তার বিশ্বাস, সুন্দর কথা একটি গানকে শ্রোতার
হৃদয়ের আরো কাছাকাছি নিয়ে যায়। গানটি গাইতে গিয়ে
বেশকিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাকে।
তবে, সেই চ্যালেঞ্জ সফলভাবে অতিত্রম করার তৃপ্তিই গানটির
প্রতি তার ভালো লাগাকে আরো বাড়িয়ে দিয়েছে।
আদিবার উল্লেখযোগ্য মৌলিক গান ‘ছলাৎ ছলাৎ’, ‘হাই বেবি’,
‘কাজল দিঘি’, ‘এই তো এসেছ সবে’, ‘তুমি কবিতার
অন্ত্যমিল’, ‘নিশার আঁধার সাক্ষী’, ‘কোন সে জাদু করিয়া’,
‘তোমার লেখা চিঠির মাঝে’ ও ‘পাগলপারা’। বর্তমানে স্টেজ
শো, টেলিভিশন অনুষ্ঠান এবং নাটকের গানের রেকর্ডিং
নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি চলছে নতুন মৌলিক
গানের কাজ। সম্প্রতি তামিম ইসলামের সঙ্গে দ্বৈতকণ্ঠে
‘ভাঙামন’ শিরোনামে একটি গান রেকর্ড করেছেন। গানটির
কথা লিখেছেন জুবায়ের হোসেন। সুর ও সংগীতায়োজন
করেছেন তামিম ইসলাম। শিগ্গিরই গানটি শ্রোতাদের সামনে
প্রকাশের প্রত্যাশা রয়েছে তার।

স্বপড়ব সিনেমায় প্লেব্যাক, লক্ষ্য নতুন ধারার
মিউজিক্যাল প্রোডাকশন
সংগীতজীবনে এখনো একটি অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে আদিবা’র,
সেটি হচ্ছে সিনেমায় প্লেব্যাক করা। এখন পর্যন্ত কোনো
সিনেমায় গান গাওয়ার সুযোগ হয়নি তার। তবে, ভবিষ্যতে
বড়োপর্দার জন্য গান গাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। রুনা লায়লা,
সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর
ও শ্রেয়া ঘোষালের গান তার বিশেষ পছন্দের। তাদের গান শুনেই
প্রতিনিয়ত সংগীতের নানা দিক শেখার চেষ্টা করেন। সমসাময়িক
শিল্পীদের মধ্যে নন্দিতার গান ও গায়কি তার ভালো লাগে।
সংগীত নিয়ে আদিবার ভবিষ্যৎ পরিকল্পনাও বেশ ব্যতিত্রুমী। নাটক ও
নাট্যতত্ত্বে পড়াশোনার সুবাদে থিয়েটারের প্রভাব তার ভাবনায় বিশেষ
জায়গা করে নিয়েছে। তাই তিনি চান, দেশের স্টেজ পারফর্মেন্সগুলো
শুধু গান পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পূর্ণাঙ্গ মিউজিক্যাল
প্রোডাকশনে রূপ নিক। এক থেকে দেড় ঘণ্টার পরিকল্পিত আয়োজনে
থাকবে নৃত্যশিল্পীদের অংশগ্রহণ, উন্নত সাউন্ড ও সংগীতায়োজন,
আকর্ষণীয় মঞ্চসজ্জা, আলোকসজ্জা এবং নির্দিষ্ট থিমের ধারাবাহিকতা।
অর্থাৎ দর্শক শুধু গান শুনবেন না, উপভোগ করবেন একটি পূর্ণাঙ্গ
বিনোদনমূলক পরিবেশনা।
ভবিষ্যতে এমন মিউজিক্যাল কনসার্টের আয়োজন করতে চান তিনি,
যেখানে তার পাশাপাশি অন্য শিল্পীরাও অংশ নেবেন। এসব আয়োজন
টিকিটের বিনিময়ে দর্শকদের জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনাও রয়েছে
তার। আদিবার মতে, ভালো মানের সংগীত আয়োজনের পাশাপাশি
টিকিট কিনে অনুষ্ঠান উপভোগ করার সংস্কৃতিও দেশে আরো বিস্তৃত
হওয়া প্রয়োজন।
ব্যক্তিজীবনে আদিবা রান্না করতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ও ঘুরে
বেড়াতে ভালোবাসেন। নীল ও গাঢ় সবুজ তার প্রিয় রং, আর প্রিয় ঋতু
শীতকাল। খাবারের তালিকায় গোরুর মাংস, বার্গার, চা ও ঝাল খাবার
রয়েছে পছন্দের শীর্ষে। প্রিয় গানের তালিকায় বিশেষ জায়গা দখল
করে আছে মিতালী মুখার্জীর ‘আমি কি তোমার মতো এত ভালোবাসতে
পারি?’ গানটি।
শ্রোতাদের প্রতি তার প্রত্যাশা, তারা যেন বাংলা গানকে ভালোবাসেন
এবং ভালো কথা ও সুন্দর সুরের গানগুলো গ্রহণ করেন। শুধু ভাইরাল
গানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানসম্মত গানও ডিজিটাল প্ল্যাটফর্মে
ছড়িয়ে দিতে শ্রোতাদের প্রতি আহ্বান জানান তিনি। তার বিশ্বাস,
শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন পেলে বাংলা গান আরো সমৃদ্ধ হবে
এবং আন্তর্জাতিক পরিসরেও তৈরি হবে নতুন সম্ভাবনা।
মায়ের হাত ধরে যে সংগীতযাত্রার শুরু, সেই পথচলায় আজও নতুন
স্বন্ন বুনছেন নুশিন আদিবা। গানের প্রতি ভালোবাসা, অর্জিত অভিজ্ঞতা
আর নিজস্ব ভাবনা নিয়ে এগিয়ে যেতে চান বহুদূর। তার প্রত্যাশা,
নিজের গান ও সৃজনশীল পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী
একটি জায়গা করে নিতে পারবেন। আনন্দভুবনের পক্ষ থেকেও
আদিবা’র জন্য রইল অনেক অনেক শুভকামনা।