ব্যবসায়িক সাফল্যের জন্য শুধু মুনাফা অর্জন নয়, প্রয়োজন সততা, দূরদর্শিতা, ধৈর্য ও ক্রেতার আস্থা অর্জন। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায়িক পরিবেশে নিজস্ব অবস্থান তৈরি করতে হলে পণ্যের গুণগত মান ও বিশ্বাসযোগ্যতার বিকল্প নেই। এই দর্শনকে ধারণ করেই এগিয়ে চলেছেন টিপটপ মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন [সৌরভ]। ২০০৯ খ্রিষ্টাব্দে শিক্ষার্থী থাকতেই স্কিন কেয়ার খাত নিয়ে তার কর্মজীবনের যাত্রা শুরু। পথচলায় এসেছে নানা চ্যালেঞ্জ, ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা। তবে, প্রতিটি অভিজ্ঞতা থেকেই নিয়েছেন নতুন শিক্ষা। তার লক্ষ্য, বাংলাদেশের স্কিন কেয়ার ও বিউটি ইকোসিস্টেমে আন্তর্জাতিক মানদণ্ড প্রতিষ্ঠা করা। ব্যবসায়িক দর্শন, কর্মজীবনের অভিজ্ঞতা, সাফল্যের নেপথ্যের গল্প এবং তরুণ উদ্যোক্তাদের জন্য তাঁর পরামর্শ নিয়ে আনন্দভুবনের সঙ্গে কথা বলেছেন তিনি...
আনন্দভুবন : কেমন আছেন ? বর্তমান সময়ে ব্যবসার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কী বলে মনে করেন ?
সোহরাব হোসেন : আলহামদুলিল্লাহ্, ভালো আছি। বর্তমান সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো অস্থির বাজারে ‘মান ও সততা’ বজায় রেখে টিকে থাকা। সহজ মুনাফার লোভে বাজার যখন চটকদার কিংবা ক্ষতিকর পণ্যে সয়লাব, তখন ভোক্তাকে সঠিক ও বিজ্ঞানসম্মত স্কিন কেয়ারের গুরুত্ব বোঝানো একটি বড়ো লড়াই। এর পাশাপাশি বৈশ্বিক সাপ্লাই চেইনের অস্থিরতা তো রয়েছেই। তবে, সবচেয়ে বড়ো পরীক্ষা হলো, সস্তা ট্রেন্ডের পেছনে না ছুটে নিজস্ব ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ধরে রাখা।
আনন্দভুবন : বর্তমান অবস্থানে পৌঁছানোর আগে আপনার শুরুর দিনগুলো কেমন ছিল ? এই অবস্থানে আসতে আপনার সবচেয়ে বড়ো টার্নিং পয়েন্ট বা চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটি ছিল ?
সোহরাব হোসেন : শুরুর দিনগুলো ছিল তীব্র স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। যখন চারপাশের সবাই দ্রুত ফল দেওয়ার চটকদার পণ্যের ব্যবসা করছিল, তখন বিশ্বমানের অথেনটিক ডার্মো-কসমেটিকস ও ক্লিনিক্যাল স্কিন কেয়ার নিয়ে কাজ শুরু করা ছিল এক বিরাট ঝুঁকি।
আমার টার্নিং পয়েন্ট ছিল সেই মুহূর্ত, যখন সাময়িক মুনাফার প্রলোভন ত্যাগ করে দীর্ঘমেয়াদি স্কিন হেলথ ও কোরিয়ান আধুনিক স্কিন টেকনোলজিকে বাংলাদেশে পরিচিত করার সিদ্ধান্ত নিই। আন্তর্জাতিক পার্টনারশিপ গড়ে তুলতে দিন-রাত এক করে কাজ করেছি। একসময় যে ব্র?্যান্ডগুলো আমাদের বাজার সম্পর্কে সন্দিহান ছিল, তাদের আস্থা অর্জন করে দেশে এক্সক্লুসিভ পার্টনারশিপ প্রতিষ্ঠা করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড়ো বাঁকবদল।
আনন্দভুবন : একজন সাধারণ এক্সিকিউটিভ বা এন্ট্রি-লেভেল থেকে শীর্ষ পদে উন্নীত হওয়ার নেপথ্যে আপনার কোন বিশেষ দক্ষতা বা মানসিকতা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ?
সোহরাব হোসেন : আমি তিনটি মূল দর্শনে বিশ্বাস করি। প্রথমত, মাইক্রো-অবজারভেশন ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। বাজারের সূক্ষ্ম পরিবর্তন এবং ক্রেতার নীরব অসন্তোষ আগেভাগে বুঝতে পারা ও সে অনুযায়ী সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি।
দ্বিতীয়ত, আনলার্নিং [Unlearning] সক্ষমতা। পুরনো ফর্মুলা আঁকড়ে না থেকে নতুন বাস্তবতাকে মেনে নেওয়া এবং নিজের ভুল কৌশল চিহ্নিত করে তা দ্রুত পরিবর্তন করার সাহস থাকতে হবে।
তৃতীয়ত, সহনশীলতা ও মানসিক দৃঢ়তা। পথচলায় সংকট আসবেই। সংকটের মুহূর্তে আতঙ্কিত না হয়ে শান্ত মাথায় সমাধান খোঁজার অভ্যাসই একজন লিডারকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে।
আনন্দভুবন : কর্মজীবনে এমন কোনো ব্যর্থতা বা চ্যালেঞ্জ এসেছিল, যা আপনার সাফল্যের পথকে ত্বরান্বিত করেছে ? তরুণদের জন্য এ-বিষয়ে আপনার পরামর্শ কী ?
সোহরাব হোসেন : একেবারে শুরুর দিকে পোশাকের [গার্মেন্টস] ব্যবসা করতে গিয়ে বাজারের চাহিদা ভুল অনুমান করায় বেশ বড়ো ধরনের আর্থিক ধাক্কা খেয়েছিলাম। পোশাক খাত সম্পর্কে তখন আমার বাস্তব অভিজ্ঞতা বা সম্যক ধারণা ছিল না। আবেগের বশে নেওয়া সেই সিদ্ধান্ত আমাকে বাস্তবতার মাটিতে নামিয়ে এনেছিল। সেখান থেকেই জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা পেয়েছি— ব্যবসা কেবল অনুমানের ওপর চলে না। যে-খাতে কাজ করব, সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা এবং গভীর গ্রাউন্ড-লেভেল রিসার্চ থাকা আবশ্যক।
তরুণ উদ্যোক্তাদের বলব, যেকোনো খাতে ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা উচিত। সেখানে কাজ করলে সরাসরি দেখা যায়, একটি কোম্পানি কীভাবে ভালো ও খারাপ সময় পার করে এবং প্রতিকূল পরিস্থিতিতে সংকট মোকাবিলা করে। ব্যবসায় যেমন বড়ো সাফল্যের সম্ভাবনা থাকে, তেমনি লোকসানের ঝুঁকিও থাকে। তাই ব্যর্থতাকে ব্যক্তিগত আঘাত বা হতাশা হিসেবে না নিয়ে মূল্যবান শিক্ষা হিসেবে দেখতে হবে। যে যত দ্রুত নিজের ভুল স্বীকার করে কৌশল পরিবর্তন করতে পারে, সে তত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। ব্যর্থতাই মূলত দীর্ঘমেয়াদি সাফল্যের ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়।

আর ব্যবসায় কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। ব্যবসাকে একটি ফলদ বৃক্ষের মতো মমতা ও নিষ্ঠা দিয়ে পরিচর্যা করতে হবে। গাছটি যখন ধাপে ধাপে বড়ো হবে, তখন প্রত্যশার সুমিষ্ট ফল এমনিতেই মিলবে।
আনন্দভুবন : করপোরেট বা উদ্যোক্তা জীবনে দীর্ঘমেয়াদি সফল হতে উচ্চাকাক্সক্ষী তরুণদের কোন নীতিগুলো মেনে চলা উচিত ?
সোহরাব হোসেন : করপোরেট ও ব্যবসায়িক অঙ্গনে যেকোনো অ্যাকাডেমিক ডিগ্রির চেয়ে সততা ও ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা [Credibility] অনেক বেশি মূল্যবান।
কেবল পদোন্নতি বা বেতনের কথা না ভেবে ভাবতে হবে প্রতিষ্ঠান কিংবা গ্রাহকের জীবনে আপনি কী বাড়তি প্রাপ্য যোগ করছেন। বর্তমানে যে পদে আছেন, তার গণ্ডি ছাড়িয়ে ওপরের স্তরের কাজগুলো স্বতঃস্ফূর্তভাবে শেখার এবং দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে হবে। পদোন্নতি তখন স্বাভাবিকভাবেই আপনার কাছে আসবে।
শীর্ষ পদে পৌঁছালেও শেখার কোনো শেষ নেই। অহংকার পতনের মূল, আর বিনয় মানুষকে সময়োপযোগী ও প্রাসঙ্গিক রাখে।
আনন্দভুবন : শত ব্যস্ততার মধ্যেও আনন্দভুবনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সোহরাব হোসেন : আনন্দভুবন পরিবার ও এর অগণিত পাঠকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
সাক্ষাৎকার গ্রহণ : শহিদুল ইসলাম এমেল