দীর্ঘদিন চিকিৎসার পর অভিনয়ে ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ শিরোনামের নাটকে অভিনয়ের মাধ্যমে চেনা জায়গায় ফিরলেন তিনি। তানিয়া বৃষ্টি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার প্রমুখ।
নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকের গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়। বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে চাচা ও তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে বড়ো বোন নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে।
এর আগে ৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তানিয়া। তিনি বলেন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। অভিনয়ে ফেরার আগ্রহের কথাও জানান তিনি। তখন বলেছিলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছে আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’ সেই ইচ্ছার বাস্তবায়ন হলো ২৬ অক্টোবর। এর আগে ইকসান রনির ‘বাবাও মানুষ’ নাটকে ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি। নাটকটি প্রচারের পর দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে। নতুন নাটক ‘অংশীদার’ শিগ্গিরই এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে। পরে এটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তানিয়া বৃষ্টির। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। দেশেই প্রথম অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একটি অস্ত্রোপচার হয় তার। দীর্ঘ চিকিৎসা, বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে।
প্রায় ৯ মাস পর শুটিংয়ে ফিরে সহকর্মীদের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রসঙ্গে তানিয়া বলেন, ‘শুটিংয়ে সবার আন্তরিকতা আমাকে আরো আবেগ-প্রবণ করেছে। পরিচালক থেকে শুরু করে সেটের সবাই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। সবার এই ভালোবাসা ও সহযোগিতা আমার চোখে পড়েছে। দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার খুব ভালো লেগেছে।
অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করার পর চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। চিকিৎসার অংশ হিসেবে শুরু হয় কেমোথেরাপি। মাসের শুরুতে ফেসবুক লাইভে তানিয়া জানিয়েছিলেন, ছয় মাসের কেমোথেরাপির মধ্যে তিন মাস তখন শেষ হয়েছে। শারীরিকভাবে আগের চেয়ে ভালো থাকলেও চিকিৎসা চলছিল তাঁর।
সেই লাইভে নিজের অসুস্থতার সময়ের কথা বলতে গিয়ে তানিয়া বলেছিলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুল্লিাহ ভালো আছি।’ দীর্ঘ এ সময়ে ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছিলেন তিনি। অভিনয়কে যে ভীষণ মিস করেছেন, সেটিও অকপটে বলেছিলেন।

তানিয়া বৃষ্টি ১৯৯৫ খ্রিষ্টাব্দের ৫ মার্চ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
‘ভিট চ্যানেল আই’ প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপার হোন তানিয়া বৃষ্টি। এরপর শুরু করেন মডেলিং ও অভিনয়। ২০১৫ খ্রিষ্টাব্দে ঘাসফুল চলচ্চিত্রে অভিষেক হয় তার। বড়োপর্দায় সফল না হলেও ছোটোপর্দায় বেশ জনপ্রিয়তা পান তিনি। তবে, তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়, সিটি ব্যাংকের একটি বিজ্ঞাপনচিত্র। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ প্রভৃতি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে রমজান ভাই পাবলিক ফিগার, চালাক আলীর তালাক,
কম্পেয়ার,প্যাক আপ, জামাই আমার সেরা রাঁধুনী, কবিতার চার লাইন, আইসিইউ, সব দোষ হোসেন আলীর, পিনিকেই ঝিনিক, যদি তুমি জানতে, চেকমেট, দুই দিনের দুনিয়া, লোডশেডিং,
কাছের মানুষ, চৌধুরী অ্যান্ড সন্স, লাকি থার্টিন, শেষ বাজি, মাই নেইম ইজ ফকির, পারফেক্ট ম্যাচ, সিক্রেট লাভ, লতিফ দপ্তরি, প্রেম অবুঝ, ছোবল, মন থেকে দূরে নয়, প্রভৃতি।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ঘাসফুল, যদি তুমি, লাভার নাম্বার ওয়ান, গোয়েন্দাগিরি, অবলা নারী প্রভৃতি। তানিয়া বৃষ্টি সম্পূর্ণ সুস্থ হয়ে অভিনয়ে ফিরে এসেছেন— এটা অবশ্যই আনন্দসংবাদ। জয়তু তানিয়া বৃষ্টি। হ