পূজার টানা ছুটি চলছিল। হেমন্তের অস্তগামী সূর্য চট করে চলে গেল অস্তাচলে। দিনটি ছিল ৬ই কার্তিক, ২২-এ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার— রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম প্রয়াণদিবস। ঢাকার শংকরে অবস্থিত ছায়ানট সাংস্কৃতিভবন মিলনায়তন প্রস্তুত জীবনানন্দ দাশের কবিতা, কবিতার গান,্ চিঠিপত্র, প্রবন্ধ, উপন্যাসের অংশবিশেষ আর কথামালা দিয়ে সাজানো আলেখ্যানুষ্ঠান ‘মরিবার হলো তার সাধ !’ [Longed for death !] উপস্থাপনের জন্য। মিলনায়তন ততক্ষণে পূর্ণ দর্শক-শ্রোতার উপস্থিতিতে। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা ৭টার ঘরে তখন নেপথ্য থেকে ভেসে এলো অন্ষ্ঠুান শুরুর ঘোষণা। ঘোষণা শেষ হতেই পর্দা সরে গেল আর দর্শক-শ্রোতার চোখের সামনে ভেসে উঠলো অশ্বত্থ, কাঁঠাল আর অন্যান্য গাছে সজ্জিত এক নান্দনিক মঞ্চ, যার মেঝেতে অজস্র ঝরাপাতা। বাংলাদেশের একটুকরো প্রকৃতি যেন উঠে এসেছে ছায়ানট মিলনায়তনের মঞ্চে। ‘তোমরা যেখানে সাধ চলে যাও— আমি এই বাংলার পারে রয়ে যাবো’ কবিতার গান ধ্বনিত হলো রাবিতা সাবাহ্-র কণ্ঠে। গানটির সুর করেছেন শাহীন সরদার। এর পরপর আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ পরিবেশন করেন ‘শিকার’ শীর্ষক কবিতা। এরপর রুবিনা শাহনাজ রুপা ও রায়হান হায়দার রঞ্জন উপস্থাপন করতে শুরু করেন কথামালা। তাঁদের উচ্চারণে উঠে আসে জীবনানন্দ দাশের কাব্য-প্রতিভার পরিচয়, এইভাবে কথামালা ও কবিতা [বাংলা ও ইংরেজি] চলতে থাকে— মাঝে মাঝে উপস্থাপিত হয় জীবনানন্দ দাশের লেখা চিঠি, প্রবন্ধের অংশবিশেষ ও মাল্যবান উপন্যাসের নির্বাচিত অংশ।

ইকবাল খোরশেদ পরিবেশন করেন ‘শিকার’, ‘বাংলার মুখ’, ‘শঙ্খমালা’, ‘বনলতা সেন’, ‘নাবিক’, ‘অন্ধকার’, ‘নগ্ন নির্জন হাত’, ‘নদী’, ‘অঘ্রান’ ও আট বছর আগের একদিন কবিতাবলি। রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা চিঠি উপস্থান করেন আশরাফ আলী সরকার লিখন, সঞ্জয় ভট্টাচার্যকে লেখা চিঠি পাঠ করেন রহমত আরা বেগম লিপি আর কবি কায়সুল হককে লেখা চিঠি উপস্থাপন করেন মাহমুদা আখতার। ‘বনলতা সেন’ কবিতার ইংরেজি অনুবাদ উপস্থাপন করেন ইরাম মাহফুজা, ‘অন্ধকার’ কবিতার ইংরেজি রূপ Darkness উপস্থাপন করেন মধুরা কিঙ্কিনি রূপকথা এবং ‘নাবিক’ কবিতার ইংরেজি রূপ Sailor নিবেদন করেন অমিয়া অমানিতা। এই তিনটি কবিতাই জীবনানন্দ দাশের অনূদিত। কবিতার কথা প্রবন্ধের নির্বাচিত অংশ উপস্থাপন করেন মাহমুদা আখতার। ‘মাল্যবান’ উপন্যাসের সংলাপধর্মী একটি আকর্ষণীয় অংশ উপস্থাপন করেন সৈয়দ ফয়সল আহমদ ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলি। প্রফেসর আহমেদ রেজা জীবনানন্দ দাশের বিখ্যাত ‘আট বছর আগের একদিন’ কবিতার ইংরেজি অনুবাদ উপস্থাপন করেন। One day, Eight years Ago শিরোনামে তিনি নিজেই কবিতাটির অনুবাদ করেন। তাঁর ইংরেজি অনুবাদ উপস্থাপনের পর জীবনানন্দ দাশের ট্রাম দুর্ঘটনা ও তার পরবর্তী চিকিৎসা ও মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে। কবি তনয়া মঞ্জুশ্রী দাশের স্তৃতিচারণা থেকে রূপা ও রঞ্জনের উচ্চারণে জানা যায়, ‘সন্ধ্যাবেলায় বাবা রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে সামান্য হেঁটে আসতেন।... এমনি একদিন সন্ধ্যাবেলায় পৃথিবীর পথে চলতে গিয়ে কবি আর ঘরে ফিরলেন না। শুনলাম ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দৌড়ে গেলাম শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। দেখি, বাবার মলিন কাপড়ে রক্তের দাগ। দুদিন পরে ডাক্তারের হাত ধরে বলেছিলেন, ‘ডাক্তার বাবু, আমি বাঁচবো তো ?’... একদিন বাবার শিয়রে বসে আছি। আমরা দু’জন ছাড়া আর কেউ ছিল না। দেখলাম বাবার চোখ সজল। যে মানুষ কখনো ভেঙে পড়েননি, আজ সময়ের নির্মম আঘাতে সে চোখে জল।... হাসপাতালে রবীন্দ্রসংগীত শুনতে চেয়েছিলেন। শেষদিকে ডাক্তার বিধান রায় দেখতে এলেন। ডাক্তার রায় খানিকক্ষণ বাবার মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন। কোনো কথা বললেন না। শুধু বাবার জন্য অনেক সুব্যবস্থা করে গেলেন। কিন্তু জীবনকে জানবার অবিরাম ভার বাবাকে বইতে হলো না। সেটা ১৯৫৪-এর ২২-এ অক্টোবর। রাত প্রায় সাড়ে এগারো। আমার সবচেয়ে প্রিয়জনের সবচেয়ে ধূসর সময়। বাবা সজোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। বিছানার পাশে দাঁড়িয়েছিলাম আমরা সবাই। ...ক্রমে জীবনের স্পন্দন থেমে গেল।’
মঞ্জুশ্রী দাশের এই বয়ানের পরপর ইকবাল খোরশেদের প্রগাঢ় উচ্চারণে নিবেদিত হয় অনুষ্ঠানের শেষ কবিতা ‘আট বছর আগের একদিন’। এই কবিতার পর জীবনানন্দ দাশের সমগ্র কাব্য-প্রতিভা ও জীবনাচরণ সম্পর্কে মূল্যায়নধর্মী শেষ কথামালা উপস্থাপন করেন রুবিনা শাহনাজ রুপা ও রায়হান হায়দার রঞ্জন। বস্তুত প্রতিটি কবিতা, চিঠি, প্রবন্ধাংশ ও উপন্যাসের অংশবিশেষ উপস্থাপনরে আগে ও পরে উপস্থাপকদ্বয় প্রাসঙ্গিক কিছু কথা উপস্থাপনের মধ্যদিয়ে বিষয়ভিত্তিক একটি সুবিশস্ত মালা গাঁথেন। রাবিতা সাবহা-র কণ্ঠে ‘আবার আসিব ফিরে’ কবিতার গান পরিবেশনের মধ্য দিয়ে চমৎকার এই আলেখ্যানুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দেশের খ্যাতিমান কবি সাহিত্যিক, অধ্যাপক, আবৃত্তিজন ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নানা মাধ্যমে তাঁরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যেমন, কবি মিনার মনসুর মন্তব্য করেন, ‘জীবনানন্দ দাশকে নিয়ে এত পরিচ্ছন্ন আয়োজন শেষ কবে দেখেছি মনে নেই। পুরো নিবেদনটাই ছিল নিখাদ। তবে, সবকিছুকে ছাপিয়ে উঠেছে মঞ্চসজ্জা। জীবনাননন্দ নিজেও মুগ্ধ হতেন দেখে।’ মঞ্চসজ্জার প্রশংসা প্রায় সকল দর্শক-শ্রোতাই করেছেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ও পিএইচডি গবেষক সাদিয়া আফরোজ মন্তব্য করেন, It was fantastic, and we enjoy it a lot. We loved the program because the presentation, stage decoration, content selection, and the soundtrack altogether made it very rich.

আবৃত্তি সংগঠন ‘মুক্তবাক’-এর আয়োজনে ‘মরিবার হলো তার সাধ!’ [Longed for death !] আলেখ্যার পাণ্ডুলিপি রচনা, গ্রন্থনা, ও নির্দেশনায় ছিলেন ইকবাল খোরশেদ। অনুষ্ঠানের শিরোনাম ‘মরিবার হলো তার সাধ!’ কেন ? এমন জিজ্ঞাসার জবাবে তিনি জানান, ‘জীবনানন্দ দাশের মৃত্যু নিয়ে একটি জনশ্রুতি আছে যে, তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। কিন্তু এ তথ্য ঠিক নয়। ট্রাম দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন কবি নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং নিউমোনিয়ায় তাঁর মৃত্যু ঘটে। আমরা এই প্রযোজনার মধ্যদিয়ে কবি জীবনানন্দ দাশের মৃত্যুসংক্রান্ত কিংবদন্তি ভুল প্রমাণ করার প্রয়াস পেয়েছি।’
আলেখ্যানুষ্ঠান উপলক্ষ্যে অংশগ্রহণকারীদের সংক্ষিপ্ত জীবনচিত্র ও পোট্রেট সংবলিত একটি নান্দনিক স্মরকগ্রন্থও প্রকাশিত হয়। এর প্রচ্ছদ আঁকেন কিরীটি রঞ্জন বিশ্বাস। প্রযোজনাটির চমৎকার মঞ্চসজ্জা করেন তরুণ ভাস্কর ও চিত্রকর তাসনুভা কবির অদিতা। আবহসংগীতে ছিলেন অসীম কুমার নট্ট, বাঁশিতে রবিউল ইসলাম হিরণ, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় রুপা, ইরাম, বাবলী, অমিয়া।
প্রতিবেদন : শ্যামল কায়া