ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই চলছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি। কয়েকটি সিনেমা মুক্তির কথা জোরেসোরে শোনা যাচ্ছে। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পায়, এরমধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ সুপার ডুপার হিট হয়, ‘প্রেসার কুকার’ ও ‘দম’ মোটামুটি আলোচনায় ছিল। তবে, সবচেয়ে খারাপ সময় ছিল শাকিব খানের জন্য, যে-শাকিব খান দীর্ঘদিন টানা জনপ্রিয়তা ধরে রেখেছিলেন, গত ঈদে অনেকটাই ছিটকে পড়েন ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করে। ছবিটি নিয়ে নানা অভিযোগ ছিল। তবে, এবার শাকিব তার হারানো ইমেজ ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন। রকস্টার শিরোনাম ছবিতে সেরাটা দিয়ে কাজ করছেন তিনি। ইতোমধ্যে সিনেমাটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। শাকিব খানের এই ছবিটি ছাড়াও ঈদুল আজহায় কোন কোন সিনেমা ভালো করবে, সেটা নিয়ে চলছে নানামুখী বিচার-বিশ্লেষণ। আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা কয়েকটি সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক।
রকস্টার
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’। এই সিনেমায় দ্বিতীয়বারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।
এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে। ‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে, এমন ঘোষণা দিয়েই শুটিং শুরু করা হয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে।

রইদ
নির্মাতা মেজবাউর রহমান সুমন ‘হাওয়া’ সিনেমায় ব্যাপক সাফল্য অর্জন করেন। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহার জন্য নির্মাণ করছেন ‘রইদ’ শিরোনামের সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটির একটি গানও প্রকাশ হয়েছে। ‘রইদ’ প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন জানান, “ঈদুল আজহায় ‘রইদ’ মুক্তি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইতোমধ্যে ছবির একটি গান প্রকাশ করেছি। মূলত গানটি দিয়েই রইদের যাত্রা শুরু হলো।” গানের সুরের মতোই ‘রইদ’-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে।
নাকফুলের কাব্য
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের সিনেমা ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে আলোক হাসান পরিচালিত ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, “বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন বলে আশা করা যায়। আশা করা যায় দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদ্যাপনকে আরো আনন্দময় করে তুলবেন।” তিনটি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।

মালিক
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। ঈদুল আজহায় মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা সাইফ চন্দন বলেন, “আমরা সিনেমাটির মুক্তির বিষয়ে কোনো কিছুই এখনো অফিসিয়ালি জানাইনি। তবে, আমরা প্রস্তুত করছি। ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবেই সব জানানো হবে।’

মাসুদ রানা
প্রায় পাঁচ বছর আগে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু করেন পরিচালক সৈকত নাসির। সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতা কাটিয়ে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে আছেন পূজা চেরি।

পিনিক
গেল ঈদে বুবলী অভিনীত ‘প্রেসার কুকার’ ছবিটি মুক্তি পায়। ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যায় বুবলীকে। তবে ছবিতে বুবলীর অল্প উপস্থিতি ভক্তরা মেনে নিতে পারেনি। ভক্তদের জন্য সুখবর হচ্ছে এই ঈদেও আসছেন বুবলী। তার সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। ছবির নাম ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি গত দুই ঈদে মুক্তির ঘোষণা দিয়েও মুক্তি পায়নি। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাইব্যুনাল
এছাড়াও রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিও ঈদে মুক্তি পেতে পারে। সিনেমাটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। আরো আছেন তারিক আনাম খান, আদর আজাদ ও ইভান। সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে।